বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ

ঝিনাইদহে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

Reporter
নিজস্ব প্রতিবেদক
15 August 2026, 05:07 PM
News Image

ঝিনাইদহে নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ অভিযান পরিচালনা করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা খবরের কাগজকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

এ ছাড়া সম্প্রতি উপজেলার সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।