রাজনীতি
জ্বালানি সংকট সমাধানে ২ বছর সময় দরকার
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খনন হলে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। সে ক্ষেত্রে দুই বছর সময় দরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘সরকারের জন্য জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে কাজ করছে। সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এ কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। এ সময় দিতে হবে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খনন হলে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। সে ক্ষেত্রে দুই বছর সময় দরকার।’
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা সরকারের আছে। তাই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার’
বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের চেয়ে দ্বিগুণ জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বছরের এই সময়ে চাহিদা অন্যান্য মৌসুমের তুলনায় বেশি থাকে। সেজন্য সংকট দৃশ্যমান হয়েছে।’