১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
শিক্ষা

নোবিপ্রবিতে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, চলছে ক্লাস-পরীক্ষা

Reporter
নিজস্ব প্রতিবেদক
19 August 2026, 01:54 PM
News Image
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠার পর বর্তমানে স্বাভাবিক রয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, চলছে ক্লাস-পরীক্ষা।

বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। শ্রেণিকক্ষে নিয়মিত ক্লাস চলছে এবং শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই করছেন।

মঙ্গলবার দুপুরে হলের সিট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে। এতে এক সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হন। পরে শিক্ষার্থীরা কয়েকজন বহিরাগতকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। একজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর হতে দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে ক্যাম্পাসের পকেট গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা হয়।

গত রাত থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার থাকলেও বুধবার সকালে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও আড্ডা দিতে দেখা গেছে। নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমও চলছে।

এ নিয়ে নতুন করে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।