১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
আন্তর্জাতিক

গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিমবার্লি গিলফয়েলকে সরালেন ট্রাম্প

Reporter
নিজস্ব প্রতিবেদক
14 October 2026, 12:00 PM
News Image
দুর্নীতির অভিযোগ ওঠার পর গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিমবার্লি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

ফক্স নিউজের সাবেক এই উপস্থাপকের বিরুদ্ধে ট্রাম্পের এক অনুদানকারীর কাছ থেকে ক্রেডিট কার্ডের মোটা অঙ্কের বিল পরিশোধের বিনিময়ে প্রশাসনে প্রবেশের সুযোগ করে দেয়ার প্রস্তাব এবং এথেন্সে অবস্থানকালে অসদাচরণের অভিযোগ ওঠে। এসব খবর প্রকাশ্যে আসতেই তার ওপর তীব্র চাপ তৈরি হয়।

ট্রাম্প জানান, গিলফয়েল ভালো কাজ করলেও তাকে আর গ্রীসে রাখা হচ্ছে না। তিনি বলেন, 'আমি সংবাদমাধ্যমে যা পড়েছি, তা আমার পছন্দ হয়নি।'

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা দাবি করে তা মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন গিলফয়েল। এই রাষ্ট্রদূত পদটিকে তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান বলে অভিহিত করেন।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া তার প্রথম সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিস্তারিত না জানিয়ে বলেন, 'গিলফয়েলকে পদত্যাগ করতে বলা হয়েছে।' তিনি আরও যুক্ত করেন, 'তিনি টিমের একজন চমৎকার সদস্য ছিলেন এবং আমরা তার শুভকামনা করি।'

ক্যালিয়ার্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের ৫৭ বছর বয়সী সাবেক স্ত্রী কিমবার্লি গিলফয়েলকে ২০২৪ সালের ডিসেম্বরে এথেন্সের নতুন মার্কিন দূত হিসেবে মনোনীত করা হয়। ঠিক একই সময়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে তার দীর্ঘদিনের এনগেজমেন্ট ভেঙে যাওয়ার খবরটি সামনে আসে।

মঙ্গলবার 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে গিলফয়েল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং নিজেকে ট্রাম্পের অনুগত সমর্থক হিসেবে দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি লেখেন, 'আমি আমার সুনাম ও সততা রক্ষা করতে দৃঢ়ভাবে লড়ব। কোনো মিথ্যা অভিযোগের কারণে আমার কয়েক দশকের জনসেবাকে ম্লান হতে দেব না।' সূত্র: বিবিসি