১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
খেলাধুলা

সুন্দরের পূজারি সবাই

Reporter
নিজস্ব প্রতিবেদক
19 August 2026, 01:57 PM
News Image
ব্রিটিশ রোমান্টিক কবি জন কিটসের (John Keats) ‘এন্ডিমিয়ান’ (Endymion) কবিতার প্রথম লাইন হলো ‘A thing of beauty is joy for ever’. যার বাংলা হলো ‘সৌন্দর্যের আনন্দ চিরন্তন’। কিংবা আরও সহজ করে বলা যায় সুন্দরের পূজারি সবাই। ডারউইনে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জেতার পর বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ানদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট। কিন্তু চার দিন আগেই প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিট বিক্রিও শেষের দিকে। তৃতীয় দিনের টিকিটও ক্রয় করা শুরু করেছেন অস্ট্রেলিয়ানরা। এই টেস্ট দিয়েই আবার অভিষেক হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ভেন্যুর। দর্শক ধারণ ক্ষমতা মাত্র ১০ হাজার।

এক টেস্ট জয়েই রং বদল। মনমানিসকতার ব্যাপক পরিবর্তন। যেখানে বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তেমন কোনো আগ্রহই ছিল না। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো খেলছে অস্ট্রেলিয়ায়। ২০০৩ সালে প্রথমবার ভ্রমণের পর এবার গিয়েছে ২৩ বছর পর। আবার বাংলাদেশের খেলাগুলোও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মূল ভেন্যু মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেন, পার্থ কিংবা হোবার্টে রাখেনি। দুইবারই রেখেছে অপরিচিত কেয়ানর্স ও ডারউইনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ডারউইনের সঙ্গে এবার যোগ হয়েছে কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরে। উল্লেখ ডারউইন-কেয়ানর্সের মতো ম্যাকাইয়েরও যাত্রা শুরু হবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে।

২০০৩ সালে বাংলাদেশ যখন প্রথম খেলতে গিয়েছিল তখন ডেডিব হুক নামে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এক দিনেই টেস্ট শেষ হয়ে যাবে বলে বাংলাদেশকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেছিলেন। অজিদের হয়ে ২৩ টেস্ট খেলা এই ক্রিকেটার অবশ্য পরের বছরই মারা যান। টেস্ট পরিবারের নবীন সদস্য অবশ্য এক দিনে টেস্ট হারেনি। প্রথম টেস্ট তিন দিনে এবং দ্বিতীয় টেস্ট চার দিনে হেরেছিল। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে তারা বাংলাদেশকে আতিথিয়েতা দেওয়ার কোনো আগ্রহই দেখায়নি। এভাবে একটি, দুটি করে তেইশ বছর পর তাদের সদয় হয়। বাংলাদেশ আবার খেলার সুযোগ পায়। কিন্তু অজিদের মনমানসিকতার পরিবর্তন হয়নি।

তাদের মূল ভেন্যুতে এবারও কোনো খেলা রাখেনি। ডারউইনের সঙ্গে এবার তারা ম্যাকাইয়ে খেলা রাখে। অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়নি বলে সিরিজ নিয়ে তাদের খুব একটা আগ্রহও ছিল না। মিডিয়াতেও খুব একটা গুরুত্ব পায়নি। দর্শকরাও খুব একটা স্টেডিয়ামমুখী হননি। বরঞ্চ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা ছুটে গিয়েছিলেন ডাউইন টেস্ট দেখতে। তাদের সেই অর্থ ব্যয় আর পরিশ্রম এবার বিফলে যেতে দেননি নাজমুল বাহিনী। সাফল্যের ভেলায় ভেসে সবাইকে করেছেন মাতোয়ারা। আর বিশ্বকে দিয়েছেন চমকে। যে চমকের ঢেউ লেগেছে দ্বিতীয় টেস্টে! টনক নড়েছে অজিদের। হুমড়ি খেয়ে পড়েছেন তারা টিকিট সংগ্রহে। বাংলাদেশের বাজিমাতে অজিরা পড়েছে বিপাকে। দ্বিতীয় টেস্ট জিতে তারা সিরিজ বাঁচাতে চায়। কিন্তু বাংলাদেশ দল চাইছে আবার সিরিজ জিততে। যদি সিরিজ জিততে নাও পারে, তাহলেও টাইগারদের হারানোর কিছু থাকবে না। কিন্তু অজিদের হারানোর আছে অনেক কিছু?

ডারউইন টেস্ট জিতে বাংলাদেশ যে শুধু অস্ট্রেলিয়ানদের নাড়া দিয়েছে তা কিন্তু নয়, সর্বত্র বেড়েছে দ্বিতীয় টেস্ট নিয়ে আগ্রহ। মিডিয়াতে বেড়েছে গুরুত্ব। প্রচার-প্রচারণাও চোখে পড়ার মতো। যেখানে ডারউইন টেস্ট শুরুর আগে প্রচার-প্রচারণা ছিল না বললেই চলে, সেখানে এখন রাস্তার পাশে বিলবোর্ডে শোভা পাচ্ছে দ্বিতীয় টেস্টের প্রচার। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, দ্বিতীয় টেস্টের দ্রুত টিকিট বিক্রিতে তার প্রতিফলন দেখে আমরা রোমাঞ্চিত। বিশেষ করে ম্যাকাইয়ে প্রথম বল হওয়ার চার দিন আগেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়া অসাধারণ ব্যাপার। সামনে ক্রিকেটের ব্যস্ত গ্রীষ্ম। আগস্টেই মানুষ টেস্ট ক্রিকেটকে যেভাবে গ্রহণ করছে, তা দারুণ ব্যাপার। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও এই আগ্রহ অব্যাহত থাকবে বলে আশা করছি।’ ম্যাকাই রিজিওনাল কাউন্সিলের মেয়র গ্রেগ উইলিয়ামসন বলেন, ‘এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের প্রতি সাড়া অসাধারণ।

প্রথম দিনের টিকিট ইতোমধ্যে শেষ এবং দ্বিতীয় দিনও প্রায় পূর্ণ। তাই ম্যাকাই বাসিন্দাদের প্রতি আমার বার্তা খুবই সহজ- এখনই টিকিট নিশ্চিত করুন, নইলে সুযোগ হাতছাড়া হতে পারে।’ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ইয়ং বলেন, ‘ম্যাকাইর প্রথম পুরুষ টেস্ট ম্যাচের প্রথম দিনের জন্য বরাদ্দ করা সব পাবলিক টিকিট শেষ হয়ে যাওয়া অসাধারণ। এটি আমাদের স্থানীয় জনগোষ্ঠী এবং বৃহত্তর অঞ্চল এই ঐতিহাসিক আয়োজনকে কতটা আপন করে নিয়েছে, তারই প্রতিফলন।’ কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটনমন্ত্রী অ্যান্ড্রু পাওয়েল বলেন, ‘টিকিটের বিপুল চাহিদা প্রথমবারের মতো ম্যাকাইয়ে টেস্ট ক্রিকেট আয়োজনকে ঘিরে উত্তেজনারই প্রতিফলন।’

এদিকে গতকালই ডারউইন থেকে প্রায় তিন হাজার কিলোমিটার ১৪ ঘণ্টায় ভ্রমণ করে বাংলাদেশ দল ম্যাকাই পৌঁছেছে। একে তো ডারউইনে টেস্ট জয়, আবার ম্যাকাইয়ে প্রথম টেস্ট, সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। ম্যাকাই বিমানবন্দরে বাংলাদেশ দল যখন পৌঁছে, তখন রাত অনেক হয়ে যায়। কিন্তু টাইগারদের বরণ করতে বিমানবন্দরে নারী-পুরুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করতে থাকেন। কারও কারও কোলে ছিল শিশুও। কেউ কেউ নিয়ে যান ফুলের তোড়া। বিমানবন্দরে নাজমুল-মুশফিক-মিরাজদের দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠেন প্রবাসীরা। সবাই এগিয়ে যান শুভেচ্ছা বিনিময় করতে, সেলফি তুলতে, অটোগ্রাফ নিতে। দীর্ঘ ভ্রমণক্লান্তি উপেক্ষা করে নাজমুলরা হাসিমুখে তাদের আবদার মেটান। ক্রিকেটারদের আন্তরিকতায় প্রবাসীদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই মুগ্ধতা নিয়েই তারা ২২ তারিখ শনিবার মাঠে যাবেন জয়ের প্রত্যাশা নিয়ে সমর্থন দিতে।