১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
খেলাধুলা

মেসি শান্ত আছেন, জানালেন মায়ামি কোচ

Reporter
নিজস্ব প্রতিবেদক
19 August 2026, 02:02 PM
News Image
বাবা হোর্হে মেসির মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন লিওনেল মেসি। কঠিন সময়ের মধ্যেও মাঠে ফিরে আর্জেন্টাইন তারকাকে এখন বেশ শান্তই মনে হচ্ছে বলে জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হোয়োস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোয়োস বলেন, মাঠই মেসির জন্য নিজেকে প্রকাশ করার অন্যতম জায়গা। সেখানেই তিনি কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন, ‘তাকে ভালো দেখাচ্ছে। মাঠে সে নিজেকে প্রকাশ করছে, যে জায়গাটি সে খুব ভালোভাবে চেনে। আর সে শান্ত আছে।’

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে। বাবার মৃত্যুর পর কিছুদিন মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহে লিগস কাপে লিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি। গত রবিবার ওই ম্যাচে বদলি হিসেবে নামার পর ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলের হারের ম্যাচে শুরু থেকেই খেলেন তিনি।

বাবার মৃত্যুর পর আবেগঘন এক বার্তায় মেসি হোর্হেকে তার বাবা, বন্ধু ও প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছিলেন। তাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, সেটি জানেন না বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে কঠিন পরিস্থিতির মধ্যেও দলের প্রতি মেসির দায়বদ্ধতার প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

কাসেমিরো বলেন, ‘সে একটি দারুণ উদাহরণ। সে নিশ্চয়ই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু শুধু খেলোয়াড়দের নয়, ক্লাবের প্রতিও সে যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অসাধারণ। আমি জীবনে তার মতো কাউকে কখনো দেখিনি।’