গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতিকে প্রেরিত এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির যোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
বার্তাটিতে আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের চেতনাকে ধারণ করে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চ্যান্সেলর হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে বলে উপাচার্য প্রত্যাশা করেন।
বার্তার শেষাংশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং তার দূরদর্শী নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও জাতীয় উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস প্রকাশ করেন।