পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে নড়াইলে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘৩টি প্লাস্টিক বোতল দিন ১টি গাছের চারা নিন’ স্লোগানে অভিনব এক পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’ এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে তাদের জমা দেওয়া খালি প্লাস্টিক বোতলের বিনিময়ে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারাগাছ বিতরণ করা হয়।
‘চলো পাল্টাই বাংলাদেশ’ সংগঠনের সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের উপ-পরিচালক আশিক এলাহী।
তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য আমাদের মাটি, পানি ও সামগ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের একদম ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার এই বার্তা দেওয়া অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য, সবুজ ও সুস্থ বিশ্ব রেখে যেতে হলে প্লাস্টিকের ব্যবহার কমানো ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং ব্যবহৃত প্লাস্টিকের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত করতে নড়াইলে এমন উদ্যোগ এই প্রথম।