ব্রাজিলের ঢাকায় আসা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
25 August 2026, 03:30 PM
বাংলাদেশ ফুটবলের আলোচনায় এখন ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকায় এনে হামজা চৌধুরীদের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে গেছে। অক্টোবরে ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজন হতে পারে এমন আলোচনাও রয়েছে।
তবে ব্রাজিলের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কোচেস ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রাজিল বাংলাদেশে আসবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো বার্তা নেই।’
আমিনুল হক বলেন, ‘বিষয়টি একদমই প্রাথমিক পর্যায়ে। এটি নিয়ে এখনো বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কি না, সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল ক্লিয়ার কোনো মেসেজ নেই।’
ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের সঙ্গে খেললে সেটিকে বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক এই ফুটবলার। তবে শুধু এমন একটি ম্যাচ আয়োজন করলেই দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন না তিনি।
আমিনুল বলেন, ‘ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমাদের বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, এটি বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না’।
বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার কথা উল্লেখ করে আমিনুল বলেন, ‘এমন ম্যাচ হলে দর্শকদের প্রত্যাশা ও আগ্রহ পূরণ হবে। তবে সরকারের অর্থে এ ধরনের ম্যাচ আয়োজনের মানসিকতা এই মুহূর্তে নেই বলে স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের অর্থ ব্যয় করে যেহেতু আমরা নিজেরাই বিদ্যুৎ, জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই।’
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্পনসরশিপের মাধ্যমে ম্যাচ আয়োজনের অর্থের ব্যবস্থা করতে পারলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান তিনি।
আমিনুল বলেন, ‘বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সঙ্গে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইট থেকে স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তোবা আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’