ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেম ও বিয়ের গুঞ্জনে প্রায়ই মুখরিত হয় সোশ্যাল মিডিয়া। এবার বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নিয়ে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। আমিশা ও হার্দিককে মুম্বাইয়ের তাজ মহল প্যালেসের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আমিশা তার বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে এক নেটাগরিক তাদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আমিশাকে হার্দিকের কাঁধে হাত রাখতেও দেখা যায়। সেটি নিয়েও নানা মন্তব্য করেছেন অনেকেই। এবার সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল। বন্ধুত্বপূর্ণ একটি মুহূর্তকে প্রেমের সঙ্গে জুড়ে দেওয়ায় ব্যঙ্গ করে ওই নেটাগরিককে পাল্টা কটাক্ষ করেছেন অভিনেত্রী।
নেটাগরিকের ইঙ্গিতপূর্ণ মন্তম্যের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আমিশা। ব্যঙ্গের সুরে অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি ঠিকই ধরেছেন। সত্যিই হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে খুব রোমান্টিক ব্যাপার ছিল!’
এরপর ওই ব্যক্তিকে সরাসরি কটাক্ষ করে তিনি লেখেন, ‘আমি আপনাকে চিনি না। তবে নিশ্চিতভাবে বলতে পারি, আপনার কোনো মেয়েবন্ধু নেই। এমন কিছু পোস্ট করার আগে আপনার উচিত, আগে একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।’
এর আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে একাধিক নারীর নাম জড়িয়েছে। বর্তমানে তিনি মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর মধ্যেই আমিশা প্যাটেলের সঙ্গে নাম জড়াল তার।