১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
রাজনীতি

‘আমি বেঁচে থাকতে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টা পর মৃত্যু

Reporter
নিজস্ব প্রতিবেদক
08 September 2026, 08:25 PM
News Image
‘আমি বেঁচে থাকতে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’, ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় গিয়ে এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুর কোলে ঢলের পড়লেন কুমিল্লার চান্দিনার বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন।

উপজেলার শুহিলপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে গতকাল সোমবার দিনভর কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা ও সন্ধ্যায় পথসভায় বক্তব্য দিয়ে রাত দেড়টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাইফুল ইসলাম খোকনের মৃত্যু খবর নিশ্চিত করেন তার মেজো ছেলে সাঈদুল ইসলাম।

সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন।

গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

দিনভর প্রচারণা শেষে সোমবার সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন। সেখানে তিনি বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন। আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

তার বক্তব্যে একদিকে যেমন ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, অন্যদিকে ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনাও। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু। পরপারে পাড়ি জমান তিনি।

ছেলে সাঈদুল খবরের কাগজকে জানান, সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এ সময় দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।