প্রথমবার বাংলাদেশে এলো ‘স্বাদ-গন্ধহীন’ গুজরাটি ইলিশ
নিজস্ব প্রতিবেদক
13 September 2026, 03:24 PM
প্রথমবার বাংলাদেশে আমদানি করা হয়েছে ভারতের গুজরাটের ইলিশ। সাধারণত প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হলেও এবার ঘটেছে উল্টো ঘটনা। রপ্তানির পরিবর্তে ভারত থেকে বাংলাদেশে এসেছে গুজরাটের ইলিশ।
ইতোমধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।
তিনি জানান, গত মাসে একটি প্রতিনিধি দল নিয়ে তারা বাংলাদেশ সফর করেন। ওই সময় বাণিজ্য সচিব আতাউর রহমান খান ও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তবে সে সময় গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, চলতি বছর গুজরাটে প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদন হয়েছে। এ কারণে পূজার আগে বাংলাদেশেও ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন গুজরাটি ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। এবারই প্রথম গুজরাটের ইলিশ বাংলাদেশে আমদানি করা হলো।
তিনি আরও জানান, এ বছর পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন কম হয়েছে। তবে গুজরাট থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় বাংলাদেশেও তা পাঠানো সম্ভব হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বাংলাদেশে গুজরাটি ইলিশের আরও চালান পাঠানো হতে পারে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে গুজরাট, মুম্বাই ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইলিশ এসেছে। এসব মাছকে বাংলাদেশের ইলিশ পরিচয়ে বিক্রির অভিযোগও রয়েছে। ক্রেতাদের অভিযোগ, এসব মাছ রান্নার পর বাংলাদেশের ইলিশের মতো স্বাদ ও গন্ধ পাওয়া যায় না।