১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
সারাদেশ

শ্যামবাজারে পারিবারিক দ্বন্দ্বে পেট্রল ঢেলে আগুন, দগ্ধ ৫

Reporter
নিজস্ব প্রতিবেদক
19 September 2026, 09:58 PM
News Image
রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শ্যামবাজারের ১৫/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- সিদ্দিক (৩৫), ইমন সিদ্দিক (২৫), রাজিব (৩৫), তানিয়া (১৮) ও ধলু মিয়া (আরিফ) (৩৪)।

দগ্ধ সিদ্দিকের ভাগনে আল-মামুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ইমন সিদ্দিক নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি নিজে, তার বাবা ও পরিবারের আরও তিন সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন।

তিনি আরও জানান, দগ্ধ সিদ্দিক সাবেক মেম্বার। ইমন সিদ্দিক সৌদি প্রবাসী। রাজিব ইলেকট্রিশিয়ান, তানিয়া শিক্ষার্থী এবং ধলু মিয়া (আরিফ) সিদ্দিকের ভাগনে।

এদিকে ধলু মিয়ার (আরিফ) স্ত্রী সোনিয়া আক্তার জানান, শুক্রবার বাসার সামনে ময়লা পানি জমে থাকা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। পরে সুলতানা বিষয়টি সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন সেদিনই দেশে ফেরেন।

তার ভাষ্য, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরও মারব।’
এরপর তিনি নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কক্ষে থাকা সবাই দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং ধলু মিয়ার (আরিফ) ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালীতেও দগ্ধের চিহ্ন রয়েছে।