বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জাতীয়

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ১৭৯ দুর্ঘটনা, ৩৮ শ্রমিকের প্রাণহানি

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 11:36 AM
News Image
সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে একের পর এক দুর্ঘটনা ঘটলেও থামছে না ঝুঁকিপূর্ণ জাহাজ ভাঙার কাজ। গত ৫ বছরে সীতাকুণ্ডের শিপব্রেকিং শিল্পে ১৭৯টি দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় ৩৮ শ্রমিক নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সঙ্গে ইয়ার্ড কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে সীতাকুণ্ডের শিপব্রেকিং শিল্পে ১৭৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৮ জন শ্রমিক। আর আহত হয়েছেন ১৮৮ জন। এর মধ্যে ২০২১ সালে ৪৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৪ জন। ২০২২ সালে ২২টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৬ জন। ২০২৩ সালে ৩৪টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৮ জন। ২০২৪ সালে ২৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৬ জন। ২০২৫ সালে ৪৮টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৪ জন।

এদিকে ২০২৬ সালের ৪ জানুয়ারি সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি জাহাজ বিচিংয়ের সময় দুই শ্রমিক নিহত হন। এরপর ১৪ আগস্টের ফেরদৌস স্টিলের দুর্ঘটনায় ৯ জন নিহতসহ চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১১ জনে, আহত দাঁড়ায় ৪০ জনে।

বিলসের আরেক সাম্প্রতিক হিসাবে, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে অন্তত ১৩৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আর গত এক যুগে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৮ জন এবং আহত হয়েছেন ২৭৯ জন।

আরও দীর্ঘ সময়ের হিসাবেও সীতাকুণ্ডের চিত্র উদ্বেগজনক। এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই দশকে সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ইয়ার্ডের সংখ্যা কমলেও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ২০২১-২০২৫ এই পাঁচ বছরে গড়ে প্রতিবছর প্রায় ৩৬টি দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে বছরে গড়ে প্রায় ৮ জন শ্রমিক নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।