বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফের দুই জাহাজের সংঘর্ষ

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 02:04 PM
News Image
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর আলফা অ্যাংকরেজে ফের দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ১২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশি পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার 'এমভি জাহাব জাহান' আলফা অ্যাংকরেজে নোঙর করে রাখা ছিল। সে সময় স্থানীয় নেভিগেশন ও পাইলটেজ সহায়তা নিয়ে চলাচলের সময় প্রায় ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগ বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'এমভি আনাসসা' নোঙর করে রাখা ওই বাল্ক ক্যারিয়ারে ধাক্কা দেয়। 'এমভি আনাসসা' নামক জাহাজটিতে ২১ জন ক্রু রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম খবরের কাগজকে বলেন, ‘আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে বাল্ক ক্যারিয়ার 'এমভি আনাসসা', নোঙর করে রাখা 'এমভি জাহাব জাহান' নামক জাহাজের সামনের অংশে সামান্য স্পর্শ করে। তবে এতে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই উভয় জাহাজ নিরাপদে আলাদা নোঙর করা হয়েছে। বর্তমানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।