১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
সারাদেশ

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু

Reporter
নিজস্ব প্রতিবেদক
05 October 2026, 05:52 PM
News Image
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে ছয় দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।ঘড়ি কিনুন

এবারের আসরে অংশ নিচ্ছেন- স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড়।

অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন একটি মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এ টুর্নামেন্ট আয়োজন করে আসছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, রাজশাহীতে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আনন্দের বিষয়। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি সফল হবে বলে আশা প্রকাশ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

এ সময় রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন।ঘড়ি কিনুন

এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।

টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করবেন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।

আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন।