বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিক্ষা

রাবিতে মাদকসহ ছাত্রদল নেতা হাসিব আটক

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 11:47 AM
News Image
মাদকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কাজলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির।

তিনি বলেন, ‘পুলিশের একটি নিয়মিত অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজনকে আটক করা হয়েছে। তার কাছে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। বর্তমানে তিনি থানায় আটক রয়েছেন। আইন মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগেও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষার্থীকে মারধরের একাধিক অভিযোগ রয়েছে। গত ২০২৪ সালের ১৭ অক্টোবর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ছাত্রদল নেতা আহসান হাবিব ও হাসিবুল ইসলামের ২ মিনিট ৫১ সেকেন্ডের দুটি কলরেকর্ড ফাঁস হয়। ওই রেকর্ডটিতে ছাত্রলীগের ওই কর্মীর কাছে চাঁদা দাবি করেন ছাত্রদল নেতারা। এই ঘটনায় ওই বছরের ১৯ অক্টোবর তাদের ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত বছরের ১৬ আগস্ট শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়।

এই ঘটনার পরে চলতি বছরের ২১ এপ্রিল স্থানীয় বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে হাসিবুলের বিরুদ্ধে। এই ঘটনার সংবাদ প্রকাশের জেরে তিনি ৪ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন।

এ ছাড়াও হাসিবের বিরুদ্ধে চারুকলা অনুষদ এলাকায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ করে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

আটকের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। দ্রুতই বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’