সুন্নাতে রাসুল—১১ ঘর থেকে বের হওয়া ও ঘরে ফেরার সিক্রেট প্রোটোকল
নিজস্ব প্রতিবেদক
17 August 2026, 01:13 PM
বাইরের অনিশ্চিত পৃথিবী বিপদ-আপদে ভরা, আর ঘর হলো শান্তি ও নিরাপত্তার নীড়। কিন্তু একজন মুমিনের ঘর থেকে বের হওয়া এবং ঘরে ফিরে আসাও কেবল বাহ্যিক আসা-যাওয়া নয়; প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাতের অনুসরণ তাকে এনে দেয় বিশেষ সুরক্ষা ও বরকত।
রাসুলুল্লাহ (সা.) যখন ঘর থেকে বের হতেন, তখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে একটি চমৎকার দোআ পড়তেন। আর যখন ঘরে ফিরতেন, তখন ঘরের স্বজনদের সালাম দিয়ে সুন্দর দোআ পড়ে প্রবেশ করতেন।
আনাছ ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে—বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ (আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর ওপরই ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার এবং সৎকাজ করার কোনো শক্তি নেই), তাকে বলা হয়: তুমি হেদায়েত পেয়েছ, তোমার জন্য এটিই যথেষ্ট এবং তোমাকে রক্ষা করা হয়েছে। আর শয়তান তার থেকে দূরে সরে যায়। (তিরমিজি, ৩৪২৬; আবু দাউদ, ৫০৯৫)
জাবের (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান (তার সঙ্গীদের) বলে, তোমাদের রাত কাটানোর কোনো জায়গা নেই এবং রাতের খাবারও নেই। (মুসলিম, ২০১-১৮৮)
ঘর থেকে বের হওয়ার এই দোআ মানুষকে সর্বপ্রকার অপশক্তি ও দুর্ঘটনা থেকে রক্ষা করে, আর ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির ও সালাম ঘরে শয়তানের প্রবেশ ঠেকায়।
প্রিয় ভাই ও বোন, প্রতিদিন কতবার আমরা দরজার দোহাল পার হই! ঘরের চৌকাঠ অতিক্রম করার সময় প্রিয় রাসুলুল্লাহর এই সুন্নাত দুটিকে স্মরণ করা আমাদের জীবনকে অদৃশ্য এক সুরক্ষাবেষ্টনীতে জড়িয়ে নিতে পারে।