নতুন ইংরেজি বছর শুরু হতে এখনো চার মাসের বেশি বাকি, তবে এর মধ্যেই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি ঘুরতে শুরু করেছে ২০২৭ সালের ক্যালেন্ডারের দিকে। আসন্ন পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে এবং পবিত্র ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হবে—এ নিয়ে কৌতূহলের কমতি নেই।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ইতিমধ্যে প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্দান নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-বিষয়ক ওয়েবসাইটের তথ্যমতে ১৪৪৮ হিজরির রমজান মাস পড়বে ২০২৭ সালের একেবারে শুরুর দিকে। প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে শনিবার, যা হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস শাবানের ২৯তম দিনের সঙ্গে মিলে যাবে। এর ফলে শাবান মাস পূর্ণ ৩০ দিনে গিয়ে ঠেকবে এবং তা শেষ হবে ৭ ফেব্রুয়ারি, রোববার। এর পরদিন, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে পবিত্র রমজান মাস।
ঈদুল ফিতর প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
মনে রাখা ভালো, এসব তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত হয়, তাই প্রকৃত তারিখ এক-দুই দিন এদিক-সেদিক হতে পারে। এটি বর্তমান হিসাব অনুযায়ী একটি সম্ভাব্য পূর্বাভাস মাত্র।