তারকা নির্ভর দল গড়ার পর এবার বিদেশি কোচ নিয়োগ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করে নতুন কোচের নাম ঘোষণা করেছে ঐতিহ্যবাহী দলটি। ২০২৬-২৭ মৌসুমে সাদা-কালো জার্সিধারী দলটির ডাগআউট সামলাবেন ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। ৫৩ বছর বয়সি আর্জেন্টাইন বংশোদ্ভূত এই স্প্যানিশ কোচের এশিয়ায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ভারতের আই লিগের একাধিক শীর্ষ ক্লাবে কাজ করেছেন তিনি।
স্পেনের একাডেমি পর্যায় দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন ভারেলা। ২০১৭ সালে গাভা এফসির প্রধান কোচ ছিলেন। সেই সময় দলটি স্পেনের তৃতীয় বিভাগে খেলতো। ২০১৮-১৯ মৌসুমে আই লিগের দল গোকুলাম কেরালা দিয়ে ভারতের কোচিং শুরু করেন। পরবর্তীতে দেশটির চার্চিল ব্রাদার্স, ডেকান ফুটবল ক্লাব, ব্যাঙ্গালুরু ইউনাইটেড ও সবশেষ এফসি গোয়ার ডাগআউট সামলেছেন। মাঝে আফগানিস্তানের আবু মুসলিম এফসির দায়িত্বেও ছিলেন।
সংবাদ সম্মেলনে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া নতুন কোচ হিসেবে ভারেলার নাম ঘোষণা করেন। এশিয়ায় কাজ করার অভিজ্ঞতার কারণেই তাকে নিয়োগ দেওয়া বলেন জানান তিনি। তবে আপাতত এক মৌসুমের জন্যই তাকে চূড়ান্ত করেছে মোহামেডান। কারণ, নতুন কোচকে প্রথমে পরখ করতে নিতে চায় তারা।
ভারেলা কবে নাগাদ ঢাকায় আসবেন, সেটি গতকাল চূড়ান্ত করে বলতে পারেননি মোহামেডান কর্মকর্তারা। ক্লাবটির ফুটবল দলের টিম লিডার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই এটি জানা যাবে। আসলে ফেডারেশন কাপ ও লিগ কবে শুরু হবে, তার ওপর নির্ভর করে অনুশীলন শুরুর পরিকল্পনা করতে চায় মোহামেডান। ফলে সবকিছু নির্ভর করছে মাঠের ফুটবল শুরুর দিনক্ষণের ওপর।