বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত ৪

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 11:38 AM
News Image
রাঙামাটির মানিকছড়িতে পিকআপভ্যান উল্টে তিন নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান শোভা চাকমা (৫২)। এ ঘটনায় আহত দুইজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহরের কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে পিকআপটি কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারায়। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে ।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় গুরুতর আহত শোভা চাকমা (৫২), পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান শোভা চাকমা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথে তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, নিহত ও আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।