সারাদেশ
ফটিকছড়িতে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির জশনে জুলুছ, সমাবেশ
চট্টগ্রামের ফটিকছড়ি সদর বিবিরহাটে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ র্যালি ও সমাবেশের আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ। র্যালিতে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শুরু হওয়া এই র্যালিতে মুসল্লিরা বিবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় দরুদ ও সালাতু-সালামের ধ্বনি শোনা যায় পুরো এলাকাজুড়ে।
র্যালি শেষে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক, গাউসিয়া কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ আবু তাহের আলকাদেরী, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী, মাস্টার ওসমান খাঁ, ফয়েজুল আলম ও কুতুবউদ্দিন মামুন প্রমুখ।
বক্তারা বলেন, "পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মুসলিম উম্মাহর গভীর প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের জন্য রহমত হিসেবে রাসুলুল্লাহ (সা.)-কে এই ধরায় পাঠিয়েছেন। তাই তাঁর আগমনে আনন্দ প্রকাশ করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব।"
বক্তারা আরও বলেন, "আজ সমাজে যে অশান্তি, অনাচার ও নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা থেকে মুক্তির একমাত্র উপায় হলো রাসুল (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ। গাউসিয়া কমিটি বাংলাদেশ সুফিবাদের অসাম্প্রদায়িক ও শান্তির বাণী ছড়িয়ে দিয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" তাঁরা ফটিকছড়ির সর্বস্তরের তৌহিদী জনতাকে নবীপ্রেমের এই আদর্শে উজ্জীবিত হয়ে শান্তিময় সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।