বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সারাদেশ

সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 02:55 AM
News Image
সিলেটে পাঁচ বছরে সোয়া কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত এক কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। বিভিন্ন কারণে যেসব এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ যথাযথভাবে হয় না, সেসব এলাকায় পরিবেশদূষণ ও ভারসাম্যহীনতা দেখা দেয়। তাই পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

সিলেটে বৃক্ষরোপণ পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণকে যুক্ত করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর পাড়ের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। সেখানেও বিপুলসংখ্যক গাছ লাগানো হবে।

সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনও তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগাবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।